পিপস এবং পিপেটিস
পিপ কি জিনিস? ফরেক্সের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা
আগের লেসনে বলেছিলাম, ফরেক্সে দশমিকের পরের ঘরগুলোই আসল খেলার মাঠ। আজকে সেই মাঠের নিয়মকানুনটাই শিখে নেওয়া যাক। মজার বিষয় হচ্ছে, ফরেক্স শেখার শুরুতে এই একটা শব্দ বুঝতেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বেশি সময় নষ্ট করে, অথচ জিনিসটা আসলে খুবই সহজ। শব্দটা হচ্ছে পিপ।
সোজা বাংলায়, কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে চতুর্থ সংখ্যায় এক একক পরিবর্তন হলে তাকে বলে ১ পিপ (PIP, Point in Percentage)। বহুবচনে বলা হয় পিপস। যেমন শুনবেন, "মার্কেট আজকে ১২০ পিপস মুভ করেছে।" কেউ কেউ একে পয়েন্টও বলেন, তবে আন্তর্জাতিকভাবে "পিপস" শব্দটাই সবচেয়ে বেশি প্রচলিত।
উদাহরণ দিয়ে বোঝা যাকঃ
ধরুন, আপনি টার্মিনাল ওপেন করলেন, দেখলেন EUR/USD ছিল ১.১৪৩০, এখন হয়েছে ১.১৪৩৫। কত পিপস মুভ করল?
হিসাবটা সহজ। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিনঃ ১.১৪৩৫ - ১.১৪৩০ = ০.০০০৫। এখন দশমিকটা ভুলে যান, শুধু শেষের চার ঘরের সংখ্যা নিয়ে হিসাব করুনঃ ১৪৩৫ - ১৪৩০ = ৫। অর্থাৎ, মার্কেট ৫ পিপস মুভ করেছে।
আরেকটা উদাহরণ দেখা যাক। GBP/USD ছিল ১.৩৪২০, এখন ১.৩৪২৯। হিসাবটা হবেঃ ৩৪২৯ - ৩৪২০ = ৯ পিপস।
আরও কিছু উদাহরণ, বড় মুভমেন্ট বোঝার জন্যঃ
আগে ১.১৪৫০, এখন ১.১৪৩২ = ১৪৫০ - ১৪৩২ = ১৮ পিপস মুভমেন্ট
আগে ১.১৩৫০, এখন ১.১৪৫০ = ১৪৫০ - ১৩৫০ = ১০০ পিপস মুভমেন্ট
আগে ১.১৭৫০, এখন ১.১৪৩২ = ১৭৫০ - ১৪৩২ = ৩১৮ পিপস মুভমেন্ট
আগে ১.২৪৫০, এখন ১.১৪৫০ = ২৪৫০ - ১৪৫০ = ১০০০ পিপস মুভমেন্ট
খেয়াল করে দেখুন, শেষের উদাহরণটায় প্রায় ১ টাকার সমান মুভমেন্ট, অর্থাৎ ১০০০ পিপস। এটা কিন্তু কোন সাধারণ দিনের মুভমেন্ট না, এরকম বড় মুভ সাধারণত ঘটে বড় কোন সংকট বা কয়েক সপ্তাহের প্রবণতা মিলিয়ে, একদিনে না।
এবার নিজেকে একটু পরীক্ষা করে নিন। ধাঁধাঃ EUR/USD আগে ছিল ১.১৪৭০, এখন ১.১৪৫০। মার্কেট কত পিপস মুভ করল? উত্তর মিলিয়ে নিতে পারবেন লেখার শেষে।
পিপ কেন এত গুরুত্বপূর্ণঃ
পিপ বোঝাটা জরুরি, কেননা ফরেক্স মার্কেটের প্রায় সব হিসাবই হয় পিপসের মাধ্যমে। "ইউরো-ডলার আজকে ২০০ পিপস বেড়েছে", "মার্কেট খুব ভোলাটাইল, মাত্র ৫ মিনিটে ১০০ পিপস মুভ করেছে", এই ধরনের কথা প্রতিদিনই শুনবেন। আপনার প্রফিট বা লসের হিসাবও শেষ পর্যন্ত হয় পিপসেই। কত লট সাইজে ট্রেড করছেন, তার সাথে পিপ মুভমেন্ট গুণ করলেই বেরিয়ে আসে আসল ডলার অংকের লাভ বা ক্ষতি। মানি ম্যানেজমেন্টের পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে এই পিপ হিসাবের ওপর, তাই এই কনসেপ্টটা গুলিয়ে ফেললে স্টপ লস আর টার্গেট ঠিক করাও গুলিয়ে যাবে।
পিপেট (Pipette): পিপেরও একটা ছোট ভাই আছেঃ
এখন আপনি হয়তো ভাবছেন, বিষয়টা তো বুঝে ফেললাম। কিন্তু একটা মোচড় বাকি আছে। কিছু ব্রোকার দশমিকের পরে চার ঘরের বদলে পাঁচ ঘর পর্যন্ত প্রাইস দেখায়। যেমন ১.১৪২৫৬। এই পঞ্চম, অর্থাৎ শেষের সংখ্যাটাকে বলা হয় পিপেট। এটা মূলত এক পিপের এক-দশমাংশ।
তাহলে যদি প্রাইস ১.১৪২৫৬ থেকে ১.১৪২৬৭ তে যায়, হিসাবটা হবে এরকমঃ পুরো সংখ্যাটা থেকে বাদ দিনঃ ২৫৬ থেকে ২৬৭, পার্থক্য ১১। এর মধ্যে প্রথম একটা সংখ্যা মানে ১ পিপ, বাকি একটা মানে ১ পিপেট। তাই বলা যায়, মার্কেট ১ পিপস ১ পিপেট মুভ করেছে, অথবা মোট ১১ পিপেট।
পিপেট নিয়ে দুশ্চিন্তা না করলেও চলে শুরুর দিকে, কেননা বেশিরভাগ ট্রেডারই স্টপ লস, টার্গেট আর লাভ-লসের হিসাব করেন পুরো পিপের হিসাবেই। পিপেট মূলত আসে আরও নিখুঁত স্প্রেড আর এক্সিকিউশন দেখানোর জন্য। তবে এই টার্মটা চিনে রাখা ভালো, কেননা টার্মিনালে হঠাৎ পাঁচটা সংখ্যা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই।
তাহলে আজকের শিক্ষাটা সহজ করে বলি। পিপ হচ্ছে দশমিকের চতুর্থ ঘরের এক একক পরিবর্তন, আর এটাই ফরেক্স মার্কেটের সবচেয়ে ছোট অথচ সবচেয়ে বেশি ব্যবহৃত একক। যত দ্রুত এই হিসাবটা মাথায় গেঁথে নেবেন, তত দ্রুত মার্কেটের চার্ট আর নিউজ পড়াটা সহজ মনে হবে। পরের লেসনে আলোচনা করব, পিপ থেকে কিভাবে আসল ডলার লাভ-লস বের করা যায়, লট সাইজ আর পিপ ভ্যালুর হিসাব দিয়ে।
ধাঁধার উত্তরঃ EUR/USD আগে ১.১৪৭০, এখন ১.১৪৫০। ১৪৭০ - ১৪৫০ = ২০ পিপস। মার্কেট ২০ পিপস নিচে নেমেছে। মিলেছে?
লেসন কুইজ
লেসনটি সম্পন্ন করতে কুইজে 100% পেতে হবে।