Bangla.Forex ফরেক্স স্কুল
Bangla Forex এ স্বাগতম: এই স্কুলটা আসলে কাদের জন্য?
ধরুন, আপনার পাশের বাসার এক ভাই একদিন এসে বললেন, "একটা গ্রুপে জয়েন করো, মাসে গ্যারান্টিড ৩০% প্রফিট!" শুনতে লোভনীয় লাগছে, তাই না? অথচ বাস্তবতা হচ্ছে, ফরেক্স মার্কেটে "গ্যারান্টিড প্রফিট" কথাটাই একটা contradiction। যে মার্কেটে প্রতিদিন লক্ষ কোটি ডলার হাতবদল হয়, সেখানে কেউ যদি আপনাকে নিশ্চিত লাভের প্রতিশ্রুতি দেয়, বুঝে নেবেন তিনি আপনার পকেট থেকে টাকা নেওয়ার একটা নতুন রাস্তা খুঁজে পেয়েছেন মাত্র।
bangla.forex এর জন্মটাই এই জায়গা থেকে। আমরা কাউকে ফরেক্স ট্রেডিংয়ে নামার আমন্ত্রণ জানাচ্ছি না। এই স্কুল তাদের জন্য, যারা ইতিমধ্যে ট্রেড করছেন কিংবা করার সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলেছেন, আর এখন চান সঠিক জ্ঞান নিয়ে, ভুল ধারণা ঝেড়ে ফেলে সামনে এগোতে। কেউ যদি এখনো ঠিক করতে না পারেন ফরেক্স তার জন্য কিনা, এই লেখাগুলো তাকেও সাহায্য করবে, তবে অন্যভাবে। কেননা সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর দেওয়ার আগে কিছু কঠিন সত্যি জানা দরকার।
প্রথম কঠিন সত্যিঃ পরিসংখ্যান আপনার পক্ষে নেইঃ
বেশিরভাগ রিটেইল ফরেক্স ট্রেডার লস করেন। এটা কোন গোপন কথা না, প্রতিটা ব্রোকারের নিজেদের ওয়েবসাইটেও রেগুলেটরি ডিসক্লোজারে এই সংখ্যা লেখা থাকে। ৭০-৮০ শতাংশের মত রিটেইল অ্যাকাউন্ট লসে থাকে, বছরের পর বছর ধরে এই সংখ্যাটা মোটামুটি স্থির। আমি এই কথাটা আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না। বলছি এই কারণে যে, যে কেউ যদি আপনাকে এই সত্যিটা লুকিয়ে শুধু সাফল্যের গল্প দেখায়, তার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলা উচিত।
দ্বিতীয় সত্যিঃ বাংলাদেশে আইনি অবস্থানটা যতটা সহজ মনে হয়, ততটা না।
এখানে একটা কথা স্পষ্ট করে বলা দরকার, যেটা অনেক ফরেক্স ওয়েবসাইটই এড়িয়ে যায়। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার লেনদেন নিয়ন্ত্রিত হয় Foreign Exchange Regulation Act, ১৯৪৭ অনুযায়ী, আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশি ব্রোকারের মাধ্যমে ফরেক্স ট্রেডিং একটা আইনি ধূসর অঞ্চলে পড়ে। এটা সরাসরি অবৈধ ঘোষিত না হলেও, স্পষ্ট অনুমোদিতও না। এই বাস্তবতাটা জেনেই সিদ্ধান্ত নেওয়া উচিত, কেউ যেন মনে না করেন bangla.forex এই ঝুঁকির কথা লুকিয়ে রেখেছে।
তাহলে এই স্কুল কেন বানানো হলো?
মজার বিষয় হচ্ছে, ঠিক এই দুটো কঠিন সত্যির কারণেই এই স্কুলের দরকার সবচেয়ে বেশি। যারা এই ঝুঁকি জেনেও ট্রেড করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের অন্তত সঠিক জ্ঞান নিয়ে করা উচিত, ভুয়া সিগন্যাল গ্রুপ বা "নিশ্চিত লাভ"-এর ফাঁদে পড়ে না। আর ফরেক্স মার্কেটে টিকে থাকার আসল রহস্যটা লাভ করা নয়, টিকে থাকা। যে ট্রেডার পাঁচ বছর পরেও মার্কেটে আছেন, তিনিই আসলে সফল, লাভ-লসের হিসাব যাই হোক না কেন। আর টিকে থাকার এই দক্ষতা শেখা যায়, এটাই এই স্কুলের মূল বিশ্বাস।
এই লেখাগুলো লেখা হচ্ছে বাস্তব ট্রেডারদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে, কোন থিওরির বই থেকে টুকে নয়। ফরেক্স ট্রেডিং শুধু বাই-সেল বাটনে ক্লিক করার খেলা না। এখানে অ্যানালাইসিস যেমন লাগে, তেমনি লাগে মানি ম্যানেজমেন্ট, আর তার চেয়েও বেশি লাগে নিজের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এই তিনটার সমন্বয়েই একজন ট্রেডার লম্বা সময় ধরে টিকে থাকতে পারেন, একটা ভালো ট্রেডে বড়লোক হয়ে নয়।
শুরু করার আগে যা জানা জরুরিঃ
রিয়েল অ্যাকাউন্টে প্রথম ট্রেডটা দেওয়ার আগে এই বিষয়গুলো স্পষ্ট থাকা দরকারঃ
ফরেক্স ট্রেডিং আসলে কি, আর কিভাবে এই মার্কেট কাজ করে
একটা পেশা হিসেবে ফরেক্স ট্রেডিংয়ের বাস্তবতা, রোমান্টিকতা নয়
আপনি নিজে আদৌ ফরেক্স ট্রেডিংয়ের জন্য উপযুক্ত কিনা, এই প্রশ্নের সৎ উত্তর
দীর্ঘমেয়াদে মার্কেটে টিকে থাকার কৌশল
ফরেক্স নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো, যেগুলো বেশিরভাগ নতুন ট্রেডারকে বিভ্রান্ত করে এই প্রতিটা বিষয় নিয়ে আলাদা আলাদা লেখা আসছে সামনে, একটার পর একটা, স্কুলের কাঠামো ধরে।
আপনারা যারা ইতিমধ্যে ট্রেড করছেন, স্বাগতম। যদি এখনো সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে বলবো, তাড়াহুড়ো করার কিছু নেই। মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না, EUR/USD আজও যেখানে ছিল কালও সেখানেই থাকবে। কিন্তু না বুঝে ঢুকে যে টাকা হারাবেন, সেটা কিন্তু আর ফিরে আসবে না! তাহলে প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। ফরেক্স ট্রেডিং আসলে কি, আর কিভাবে কাজ করে এই মার্কেট? পরের লেখায় সেটাই বিস্তারিত জানবো।
লেসন কুইজ
লেসনটি সম্পন্ন করতে কুইজে 100% পেতে হবে।