ফরেক্স মার্কেট বেসিক
কারেন্সি পেয়ারঃ ফরেক্সে দামের হিসাবটা আসলে কিভাবে হয়?
শেয়ার মার্কেটের নিয়মটা সহজ। যেকোনো শেয়ারের দাম নির্ধারিত হয় নিজের দেশের মুদ্রায়। ঢাকা স্টক এক্সচেঞ্জে যেকোনো কোম্পানির শেয়ারের দাম টাকায়, ব্যাস, ঝামেলা শেষ।
কিন্তু ফরেক্স মার্কেটে এই সহজ হিসাবটা খাটে না। কারণ, শুধু ডলার বা ইউরোর একটা "দাম" বলে কিছু নেই। ধরুন, ১ ডলার দিয়ে আপনি প্রায় ১২১ টাকা পাবেন। এখন সেই একই ১ ডলার দিয়ে আপনি পাবেন মাত্র ০.৮৬ ইউরো, আবার ১.৫৩ অস্ট্রেলিয়ান ডলার। জাপানিজ ইয়েনের হিসাবে ধরলে সেই একই ডলার দেবে প্রায় ১৪৭ ইয়েন। তাহলে আসল প্রশ্নটা দাঁড়ায়, ডলারের "আসল দাম" কোনটা? পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশের মানুষ তো এই একই ডলার নিয়ে ট্রেড করছে, তাহলে কোন সংখ্যাটা সঠিক?
উত্তরটা হচ্ছে, সবগুলোই সঠিক, কেননা প্রশ্নটাই আসলে ভুল জায়গায় করা হয়েছে। ডলারের কোন একক "দাম" নেই, দাম আছে অন্য কোন কারেন্সির তুলনায়। এই কারণেই ফরেক্স মার্কেটে সবকিছু হয় কারেন্সি পেয়ারের মাধ্যমে, একটা কারেন্সির বিপরীতে আরেকটা কারেন্সি রেখে।
একটা উদাহরণ দিয়ে বুঝি নেইঃ
ধরুন, EUR/USD পেয়ারের দাম ১.১৪২০। এর মানে হচ্ছে, ১ ইউরো দিয়ে আপনি ১.১৪২০ ডলার পাবেন। খেয়াল করুন, পেয়ারের প্রথম কারেন্সিটা (এখানে EUR) হচ্ছে ভিত্তি, আর দ্বিতীয় কারেন্সিটা (এখানে USD) বলে দেয় সেই ১ ইউনিট ভিত্তি-কারেন্সি দিয়ে আপনি কত পাবেন।
আরও কিছু উদাহরণ দেখা যাকঃ
1 AUD/USD = 0.6520, অর্থাৎ ১ অস্ট্রেলিয়ান ডলার দিয়ে আপনি ০.৬৫২০ আমেরিকান ডলার পাবেন।
1 GBP/USD = 1.3420, অর্থাৎ ১ পাউন্ড দিয়ে আপনি ১.৩৪২০ আমেরিকান ডলার পাবেন।
1 NZD/USD = 0.5980, অর্থাৎ ১ নিউজিল্যান্ড ডলার দিয়ে আপনি ০.৫৯৮০ আমেরিকান ডলার পাবেন।
1 USD/CHF = 0.8010, অর্থাৎ ১ আমেরিকান ডলার দিয়ে আপনি ০.৮০১০ সুইস ফ্রাংক পাবেন।
ত্রিভুজের প্রশ্নঃ পেয়ার উল্টে লিখলে সমস্যা কি?
এই পর্যন্ত পড়ে আমার বন্ধু ত্রিভুজ একদিন প্রশ্ন করল, "ভাই, তুমি তো লিখলে EUR/USD = ১.১৪২০। আমি যদি এটাকে উল্টে USD/EUR লিখি, তাহলে কি সমস্যা হবে?"
উত্তরটা হচ্ছে, সমস্যা নেই, তবে হিসাবটা বদলে যাবে। মনে রাখবেন, পেয়ারের প্রথম কারেন্সিটাই বলে দেয় তা দিয়ে আপনি কত পরিমাণ দ্বিতীয় কারেন্সি পাবেন। EUR/USD = ১.১৪২০ মানে ১ ইউরো দিয়ে ১.১৪২০ ডলার। তাহলে USD/EUR হবে ঠিক তার উল্টো, অর্থাৎ ১ ভাগ ১.১৪২০, যা দাঁড়ায় প্রায় ০.৮৭৫৭। তাই 1 USD/EUR = 0.8757 বলতে বোঝাবে, ১ ডলার দিয়ে আপনি ০.৮৭৫৭ ইউরো পাবেন। সংখ্যা একই তথ্য দিচ্ছে, শুধু দেখার দিকটা উল্টে গেছে।
এবার আপনার জন্য একটা ছোট্ট ধাঁধা। দেখা যাক আপনি কতটা বুঝলেনঃ
ধাঁধাঃ 1 EUR/GBP = 0.8580, এর মানে কি? উত্তর মিলিয়ে নিতে পারবেন এই লেখার একদম শেষে, তবে সাবধান, নিচে না তাকিয়ে আগে নিজে চেষ্টা করুন!
দশমিকের পরে এত ঘর কেন? ত্রিভুজের আরেকটা প্রশ্নঃ
ত্রিভুজ থামল না। পরের প্রশ্নটা করল, "আচ্ছা, তুমি সবসময় দশমিকের পরে চারটা সংখ্যা নাও কেন? EUR/USD = ১.১৪ লিখলেই তো হতো। শেয়ার মার্কেটে তো এত ভেজাল নাই, দাম হয় ২০ টাকা, নয়তো ৬০ টাকা। কোনদিন তো দেখলাম না শেয়ারের দাম ২০.২৫৪৩ টাকা!"
প্রশ্নটা মজার। উত্তরটা লুকিয়ে আছে কারেন্সি পেয়ারের প্রকৃতিতেই। একটা কারেন্সি পেয়ার আসলে দুটো কারেন্সির অনুপাত, যেমন EUR/USD মানে ১ ইউরো দিয়ে কত ডলার পাব। শেয়ার মার্কেটে তো আমরা এক কোম্পানির শেয়ার দিয়ে আরেক কোম্পানির কয়টা শেয়ার পাবো, এই হিসাব করি না, তাই সেখানে টাকার অংকটা পূর্ণ সংখ্যার কাছাকাছি থাকে বেশিরভাগ সময়।
ফরেক্স মার্কেটে দশমিকের পর চার ঘর পর্যন্ত নেওয়া হয় কারণ, বেশিরভাগ দৈনিক মুভমেন্ট ঘটে ঠিক এই তৃতীয় আর চতুর্থ ঘরেই। এই ছোট্ট ছোট্ট মুভমেন্টগুলোকেই বলা হয় পিপ (pip), যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরের লেসনে। একটা উদাহরণ দিয়ে দেখা যাকঃ
এক নজরে EUR/USD এর ৫ দিনের মুভমেন্টঃ
তারিখ - দিনের সর্বোচ্চ - দিনের সর্বনিম্ন
৬ জুলাই - ১.১৭৭৫ - ১.১৭২০
৭ জুলাই - ১.১৭৩০ - ১.১৬৮৫
৮ জুলাই - ১.১৬৯৫ - ১.১৬৪০
৯ জুলাই - ১.১৬৫৫ - ১.১৫৯৮
১০ জুলাই - ১.১৪৯০ - ১.১৪২০
লক্ষ্য করে দেখুন, প্রতিদিনের ওঠানামা ঘটছে দশমিকের পর দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ ঘরে। এই ছোট ছোট সংখ্যাগুলোই একজন ফরেক্স ট্রেডারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা এখানেই লুকিয়ে থাকে লাভ বা লসের আসল হিসাব।
তাহলে সারমর্মটা দাঁড়ালো এরকম। ফরেক্সে কোন কারেন্সির একক দাম বলে কিছু নেই, সবকিছুই আপেক্ষিক, তাই পেয়ারের মাধ্যমে ট্রেড হয়। পেয়ারের প্রথম কারেন্সিটা ভিত্তি, দ্বিতীয়টা বলে দেয় বিনিময় হার। আর দশমিকের পরের সেই চারটা ঘরই আসলে পুরো খেলার মাঠ, যেখানে ঘটে ফরেক্সের যাবতীয় নাটক। পরের লেসনে আমরা কথা বলব পিপ নিয়ে, এই ছোট্ট সংখ্যাগুলোই কিভাবে আপনার আসল লাভ-লসে রূপান্তরিত হয়।
ধাঁধার উত্তরঃ 1 EUR/GBP = 0.8580, এর মানে হচ্ছে ১ ইউরো দিয়ে আপনি ০.৮৫৮০ পাউন্ড পাবেন। মিলেছে?
লেসন কুইজ
লেসনটি সম্পন্ন করতে কুইজে 100% পেতে হবে।