বেসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
চারটা ক্যান্ডেল যেগুলো প্রতিটা ট্রেডারের চেনা থাকা উচিত
ধরুন, আনভির একদিন উত্তেজিত হয়ে আপনাকে একটা চার্টের স্ক্রিনশট পাঠালো, আর লিখলো, "দোস্ত এইখানে একটা অদ্ভুত শেপের ক্যান্ডেল দেখলাম, এইটা কি কোনো সিগন্যাল?" আপনি জিজ্ঞেস করলেন কেমন শেপ, ও বললো, "একদম চিকন, উপরে নিচে দুইদিকেই লম্বা লেজ!"
মজার বিষয় হচ্ছে, আনভির যেটা দেখেছে সেটার আসলেই একটা নাম আছে, আর সেটা নিয়েই আজকের মডিউল!
Doji: যখন যুদ্ধ শেষ হয় ড্রয়ে
আগের মডিউলে আমরা শিখেছি, Body তৈরি হয় Open আর Close এর দূরত্ব দিয়ে। এখন কল্পনা করুন, যদি Open আর Close প্রায় একই জায়গায় থাকে, তাহলে Body প্রায় দেখাই যাবে না, শুধু একটা চিকন লাইন। একেই বলে Doji।
Doji মানে হচ্ছে, বায়ার আর সেলার সমান শক্তিতে লড়াই করেছে, কেউই স্পষ্টভাবে জিততে পারেনি। অনেকটা রশি টানাটানিতে দুই পক্ষ সমান জোরে টেনে শেষে রশিটা মাঝখানেই থেকে যাওয়ার মতো। Doji একা কোনো নির্দিষ্ট দিক নির্দেশ করে না, তবে এটা বলে দেয় বাজারে একটা অনিশ্চয়তা বা দ্বিধা তৈরি হয়েছে, বিশেষ করে যদি এটা একটা লম্বা ট্রেন্ডের পরে দেখা দেয়।
Hammer: শেষ মুহূর্তের প্রত্যাখ্যান
Hammer দেখতে অনেকটা তার নামের মতোই, ছোট Body উপরের দিকে, আর নিচে লম্বা একটা Wick, যেন একটা হাতুড়ির মাথা। এটা সাধারণত একটা ডাউনট্রেন্ডের শেষে দেখা যায়।
এর মানে কী? সেলাররা দাম অনেক নিচে নামিয়ে ফেলেছিল, কিন্তু বায়াররা শেষমুহূর্তে জোরালোভাবে ফিরে এসে দাম আবার টেনে তুলেছে। এটাকে বলা হয় একটা সম্ভাব্য বুলিশ রিভার্সাল সিগন্যাল, মানে দাম হয়তো এখন থেকে উপরের দিকে যেতে পারে। তবে খেয়াল রাখবেন, "সম্ভাব্য" শব্দটা এখানে গুরুত্বপূর্ণ, নিশ্চিত না।
Engulfing: যখন একটা ক্যান্ডেল আরেকটাকে পুরোপুরি খেয়ে ফেলে
Engulfing প্যাটার্নে দুইটা ক্যান্ডেল লাগে। দ্বিতীয় ক্যান্ডেলের Body এত বড় হয় যে সেটা প্রথম ক্যান্ডেলের পুরো Body-কে ঢেকে ফেলে, মানে "খেয়ে" ফেলে।
Bullish Engulfing: প্রথমে একটা লাল (বেয়ারিশ) ক্যান্ডেল, তারপর একটা বড় সবুজ (বুলিশ) ক্যান্ডেল যা আগেরটাকে সম্পূর্ণ ঢেকে ফেলে।
Bearish Engulfing: উল্টোটা, প্রথমে সবুজ, তারপর একটা বড় লাল ক্যান্ডেল সেটাকে ঢেকে ফেলে।
এই প্যাটার্নটা একটা শক্তিশালী মোমেন্টাম শিফটের ইঙ্গিত দেয়। কেননা দ্বিতীয় ক্যান্ডেলে একপক্ষ এতটাই জোরালোভাবে ফিরে এসেছে যে আগের পুরো মুভমেন্টটাকেই মুছে দিয়েছে!
Pin Bar: প্রত্যাখ্যানের আরেকটা রূপ
Pin Bar অনেকটা Hammer এর মতোই দেখতে, তবে এটা যেকোনো দিকেই হতে পারে, উপরে বা নিচে, এবং যেকোনো ট্রেন্ডেই দেখা দিতে পারে। এর মূল বৈশিষ্ট্য হলো একটা লম্বা Wick, যা Body এর তুলনায় অনেক বড়, যা দেখায় দাম একদিকে অনেকদূর গিয়েছিল, কিন্তু সেখান থেকে জোরে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছে।
লম্বা উপরের Wick সহ Pin Bar দেখায় দাম উপরে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছে (সম্ভাব্য বেয়ারিশ সংকেত)। আর লম্বা নিচের Wick সহ Pin Bar দেখায় দাম নিচে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছে (সম্ভাব্য বুলিশ সংকেত)।
এখন আপনি প্রশ্ন করতে পারেনঃ এই প্যাটার্ন দেখলেই কি সাথে সাথে ট্রেড নেওয়া উচিত?
সত্যি বলতে, না, এবং এই ব্যাপারে আমরা বেশ কড়া। এই প্যাটার্নগুলো একা একা তেমন কিছু বলে না, এগুলোর আসল শক্তি বোঝা যায় তক্ষণ, যখন এগুলো একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখা দেয়, যেমন কোনো Support বা Resistance লেভেলের কাছে। একটা Hammer যদি এমনি এমনি মাঝ-মার্কেটে দেখা দেয়, তার তেমন গুরুত্ব নেই। কিন্তু সেই একই Hammer যদি একটা শক্তিশালী Support লেভেলে দেখা দেয়, তখন এটার গুরুত্ব অনেক বেড়ে যায়। আর এই Support-Resistance এর গল্পটাই আমরা শুনবো পরের মডিউলে।
সংক্ষেপে যা শিখলেনঃ
Doji: বায়ার-সেলার সমান শক্তি, অনিশ্চয়তার সংকেত
Hammer: ডাউনট্রেন্ডের শেষে সম্ভাব্য বুলিশ রিভার্সাল
Engulfing: দ্বিতীয় ক্যান্ডেল প্রথমটাকে ঢেকে ফেলে, শক্তিশালী মোমেন্টাম শিফট
Pin Bar: লম্বা Wick, দাম একদিকে গিয়ে প্রত্যাখ্যাত হওয়ার সংকেত
প্যাটার্নের আসল গুরুত্ব বোঝা যায় Support-Resistance এর মতো গুরুত্বপূর্ণ লেভেলের সাথে মিলিয়ে দেখলে
তাহলে পরের বার আনভির যদি আবার কোনো "অদ্ভুত শেপের" ক্যান্ডেলের স্ক্রিনশট পাঠায়, আপনি এখন নামটা বলে দিতে পারবেন, তাই না? তবে মনে রাখবেন, শুধু নাম জানাই যথেষ্ট না, পরের মডিউলে Support আর Resistance বুঝে নিলেই পুরো ছবিটা সম্পূর্ণ হবে।
লেসন কুইজ
লেসনটি সম্পন্ন করতে কুইজে 66% পেতে হবে।